বাসচাপায় প্রধান শিক্ষকসহ দু’জনের মৃত্যু, ক্ষোভে বাসে আগুন

ভোলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজন বাসচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। এ সময় উত্তেজিত জনতা ওই সড়ক অবরোধ করে দুইটি বাস ভাঙচুর ও দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেয়।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ব্যারিস্টার কাঁচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার সীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিম (৪০) ও বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলা জয় শিকদার (৩২)।

এ ঘটনায় আহত হয়েছেন, আবুল কালাম বাচ্চু (৫০), টুম্পা রানী (৩০) ও তামান্না আক্তার (২০)।

স্থানীয়রা জানান, সিএনজিটি ইলিশা ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে ভোলায় আসছিল। এ সময় যাত্রীবাহী বাসটি ভোলা থেকে যাত্রী নিয়ে ইলিশা ফেরিঘাট যাচ্ছিল। পরে ইলিশা ব্যারিস্টার কাঁচারি এলাকায় সিএনজিটিকে সামনে থেকে চাপা দেয় বাসটি।

এতে ঘটনাস্থলে নিহত হন প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদরে নেয়ার পথে জয় শিকদার নামে আরও একজনের মৃত্যু হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সুজন মাঝি জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ওই সড়ক অবরোধ করে দুইটি বাস ভাঙচুর ও দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আরমান হোসেন সত্যতা নিশ্চিত করেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর