যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ৮ শিশু পালাতক

৮ বন্দি শিশু পালিয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে।

রবিবার (৭ ডিসেম্বর) শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, রাত ২টা ১৫ মিনিটের দিকে তারা বন্দিদের আবাসিক ভবনের জানালা ভেঙ্গে পালিয়েছে।

পলাতকেরা হলো- নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম, যশোরের হৃদয়, ফারদিন, আব্দুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, বরিশালের মাইনুর রহমান শাকিব।

জাকির হোসেন জানান, রবিবার দিবাগত রাত ২টা ১৪ থেকে ২০ মিনিটের মধ্যে কেন্দ্রের ৮ শিশু জানালা ভেঙ্গে পালিয়ে গেছে। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

এদিকে পুলিশ সুপার আশরাফ হোসেন জানিয়েছেন, পালিয়ে যাওয়া শিশুদের মূল ভবনের পাশে গার্ড ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখানকার বাথরুমের জানালার গ্রিল ভেঙ্গে তার বাইরে বের হয় এবং বৈদ্যুতিক লাইন ঠিক করার মই ব্যবহার করে পালিয়ে যায়। এর আগেও একাধিক পালানোর ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়াদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এর আগে গত ১৩ই আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দি শিশুর উপর নির্মম নির্যাতন চালায়। এতে তিন শিশু নিহত হয় এবং ১৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ৫ কর্মকর্তা ও ৭ বন্দি শিশুর বিরুদ্ধে মামলা হয়।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর