চট্টগ্রামের দুটি পৌরসভায় কাউন্সিলর প্রার্থী নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ। সীতাকুন্ড পৌরসভায় ইতিমধ্যে আওয়ামী লীগ-বিএনপি দলীয়ভাবে মেয়র প্রার্থী চূড়ান্ত করতে সক্ষম হয়েছে।
জানানো হয়েছে, প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর পদে একাধিক দলীয় প্রার্থী রয়েছেন। আর বিএনপিতে প্রতি ওয়ার্ডে একজন করে প্রার্থী রয়েছেন।
সীতাকুন্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, মেয়র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ-বিএনপির দুজন। আর মোট কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৮৬ জন। যার মধ্যে কাউন্সিলর পদে ৭১ জন ও সংরক্ষিত আসনে ১৩ জন প্রার্থী।
এদিকে সন্দ্বীপ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর দৌড়ে রয়েছেন বর্তমান মেয়র জাফর উল্যাহ টিটু , পৌর আওয়ামী লীগ সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল মাওলা, নাদিম শাহ আলমগীর প্রমুখ।
পক্ষান্তরে, মেয়র পদে সন্দ্বীপ পৌর বিএনপির নেতা নাছিরুল কবির মনির, আলমগীর হোসাইন ঠাকুর ও আবুল বশর ভূইয়াসহ বেশ কয়েকজন আলোচনায় রয়েছেন। প্রার্থী চূড়ান্ত হতে পারে আজ-কালের মধ্যেই।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, সীতাকুন্ডে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে বদিউল আলমকে। কেন্দ্রে পাঠানো হবে সন্দ্বীপের প্রার্থীর তালিকা। যাকেই কেন্দ্র মনোনয়ন দেবে তিনিই নির্বাচন করবেন। কাউন্সিলর পদে কাউকেই দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি এম এ হালিম বলেন, সীতাকুন্ডে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করছেন একজন করে প্রার্থী। যে কোনো সময় মেয়র প্রার্থী ঘোষণা হতে পারে, সন্দ্বীপের বিষয়ে আলোচনা চলছে। তবে কাউন্সিলর পদেও একক প্রার্থীর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা। দলীয় ও স্থানীয় তৃণমূল সূত্রে জানা গেছে, সীতাকুন্ড পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন।
একক প্রার্থী ঠিক করতে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের স্থানীয় নেতারা। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা একক প্রার্থী ঘোষণা করতে পারেন। অপরদিকে বিএনপির আবুল মনছুর মেয়র প্রার্থী। দলীয় কাউন্সিলর প্রার্থীও প্রতি ওয়ার্ডে একজন করে রয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৯৯৮ সালে ১ এপ্রিল ২৮ বর্গমাইল আয়তনের নয়টি ওয়ার্ড নিয়ে সীতাকুুন্ড পৌরসভা গঠিত হয়। হালনাগাদ ভোটার তালিকায় পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৩৪ হাজার ৮১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৮২৭ জন। নির্বাচন হবে ১৭টি কেন্দ্রে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে সন্দ্বীপ পৌরসভা ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর। বাছাইয়ের শেষ সময় ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২৯ ডিসেম্বর। এর আগে ২০১৫ সালের ১২ ডিসেম্বর সন্দ্বীপ পৌরসভায় নির্বাচন হয়।
বার্তাবাজার/কে.কে