আ’লীগের বিদ্রোহীরা কখনও নৌকা প্রতীক পাবে না

আওয়ামী লীগের বিদ্রোহী কোনো প্রার্থী আর কখনও নৌকা প্রতীক পাবেনা বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রোববার মাদারীপুরের রাজৈরে পৌর নির্বাচন উপলক্ষে আয়োজিত এক পথসভায় এই কথা বলেন তিনি।

নানক বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন দেবেন আর সমাজবাদরা বিদ্রোহী প্রার্থী দাড় করাবেন, সেই বিদ্রোহী প্রার্থী জীবনে আর কোনো দিন এই নৌকায় চড়তে পারবে না।

তিনি আরও বলেন, আপনারা ১০ ডিসেম্বর স্বতস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিবেন । যদি কেউ বাঁধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর আইন শৃঙ্খলার ব্যবস্থা করা হবে।

রাজৈর উপজেলা ঈদগাহ মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হাসান ইয়াদ, রাজৈর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক নাজমা রশীদ প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর