যে কারণে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়, জানাল গ্রেফতাকৃতরা

কুষ্টিয়ার শহরতলীর শাপলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও ফয়জুল করীমের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে।

সিসিটিভি ক্যামেরায় ভাঙচুরের ফুটেজ দেখে মাদ্রাসাছাত্র আবু বক্কর (১৯) এবং সবুজ ইসলামকে (২০) গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতাকৃতরা এমন তথ্যই দিয়েছেন পুলিশের কাছে।

রোববার (০৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মহিদ উদ্দিন কুষ্টিয়া পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন।

সংবাদ সম্মেলনে ড. খ মহিদ উদ্দিন আরও জানান, বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করতে ওই মাদ্রাসার শিক্ষক আল আমিন (২৭) এবং ইউসুফ আলী (২৬) মাদ্রাসারছাত্র আবু বক্কর ও সবুজকে সহায়তা করেন। পরদিন মাদ্রাসা থেকে আবু বক্কর ও সবুজকে পালিয়ে যেতেও সহায়তা করেন তারা। পরে পুলিশ আবু বক্কর ও সবুজ ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকে গ্রেফতার করে।

এ ঘটনায় রোববার কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) তৎসহ ৪২৭/৩৪ ধারায় মামলা করেছে। মামলা নম্বর-০৮। বর্তমানে তদন্ত চলছে মামলাটির। আসামিদের রোববার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর