নিক্সন চৌধুরী গালি দেওয়ায় সেই উপজেলা নির্বাচন বাতিল!

অবশেষে বাতিল হয়েছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন। আজ (রোববার) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ১০ অক্টোবর ওই আসনের উপনির্বাচনে অনিয়ম হয় বলে তদন্তে প্রমাণ পায় ইসি।

নির্বাচনে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী চেয়ারম্যান প্রার্থী কাওসারের পক্ষে প্রভাব খাটান বলে অভিযোগ ওঠে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালিসহ হুমকি দেওয়ার অভিযোগে মামলাও করে নির্বাচন কমিশন।

ইসি উপসচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলে হয়, অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তদন্ত শেষে ইসির কাছে প্রতিবেদন জমা দেয়। অনিয়ম হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদের উপনির্বাচন বাতিল করা হলো। নতুন নির্বাচনের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। ম

উল্লেখ্য, চরভদ্রাসনের ‍উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে গত ১০ অক্টোবর সেখানে উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল। ঘোষিত ফলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তিনি নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ৫২৮ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম ওবায়দুল বারী পেয়েছিলেন পাঁচ হাজার ৩৪৬ ভোট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর