পৌর নির্বাচন: ফরিদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর

ফরিদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ আহমেদের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে শহরের ১৫নং ওয়ার্ডের পূর্বখাবাসপুর মোড়ে থাকা নির্বাচনী ক্যাম্পটি ভেঙে ক্যাম্পে থাকা চেয়ার, টেবিলগুলো নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রবিবার দুপুরে বিএনপি প্রার্থী নায়াব ইউসুফের পক্ষ থেকে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এসময় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে আরও একটি অভিযোগ দেওয়া হয়। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপির কর্মী-সমর্থক ও এজেন্টদের হয়রানি করছে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে পৌর নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নায়াব ইউসুফের প্রধান নির্বাচনী এজেন্ট একেএম কিবরিয়া স্বপন বলেন, শনিবার দিবাগত রাত ১২টার পরে একদল সন্ত্রাসী পূর্বখাবাসপুর মোড়ে অবস্থিত বিএনপির নির্বাচনী ক্যাম্পটি ভাংচুর ও তছনছ করে।

এসময় সন্ত্রাসীরা ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল নিয়ে যায়। নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনায় দায়ী ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়েছে।

বিএনপি প্রার্থী নায়াব ইউসুফ বলেন, ‘নির্বাচনে যাতে বিএনপির নেতা-কর্মীরা মাঠে না থাকতে পারে সেজন্য বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে কিছু কর্মকাণ্ড ঘটাচ্ছে। এটি বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন হবে না।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘বিএনপির নির্বাচনী ক্যাম্প রাতের আঁধারে ভেঙে দেওয়ার খবর তাঁর জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর