সাতক্ষীরায় দিনমজুর আব্দুল আজিজ মোল্যাকে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে।
শনিবার (৫ ডিসেম্বর) রাতেই তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নিহতের স্ত্রী রোকেয়া খাতুন, ভাতিজা নজরুল ইসলাম ও প্রতিবেশী জেহের আলী।
তার আগে শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার দহাকুলায় বাড়ির পেছনের বাঁশ বাগান সংলগ্ন রাস্তা থেকে আব্দুল আজিজ মোল্যার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের মৃত এনায়েত মোল্যার ছেলে। নিহতের সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এলাকাবাসীসহ নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর আজিজ মোল্যা বাড়ি থেকে বের হন। আজিজ মোল্যা বাড়ি ফিরতে দেরি হওয়ায় নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম ছোটভাই হাফিজুল ইসলামকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১০ টার দিকে খুঁজতে বের হয়। একপর্যায়ে বাড়ির পেছনে বাঁশ বাগান সংলগ্ন পথের ধারে আজিজ মোল্যার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এরপর গ্রামবাসী সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, হত্যার রহস্য উন্মোচনে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/কে.কে