দুর্নীতিবাজ সরকারের পতনের আগে জনগণের মুক্তি নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেন, স্বৈরাচার, দুর্নীতিবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত মুক্তি মিলবে না মানুষের।

রিজভী বলেন, পতনের মধ্য দিয়ে মানুষের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।

রবিবার (৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে মোহাম্মদপুর জহুরি মহল্লার আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন।

রিজভী বলেন, আজকে চারদিকে শুধু আগুনে মানুষের বাড়িঘর জ্বলছে। ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে ঢাকার বস্তি গ্রাস করার জন্য দখল করার জন্য। নিরাপত্তা নাই গোটা জাতির, নিরাপত্তা নাই মানুষের জীবনের। নিরাপত্তা নাই বাড়িঘরের। নিরাপত্তা নাই বেঁচে থাকার।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী দেশের ও জনগণের উন্নয়নের কথা বলেন। কিন্তু কোনো স্বৈরাচারের উন্নয়নের কথায় জনগণের উন্নয়ন হয় না। বয়ে আনে না জনগণের কল্যাণ। এই সরকারের মন্ত্রী-এমপিরা যখন উন্নয়নের কথা বলেন, তখন বুঝতে হবে ষড়যন্ত্র চলছে হাজার কোটি টাকা দুর্নীতির।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, করোনা বাড়ছে হু হু করে। আজকে বেড নেই হাসপাতালে। চিকিৎসা না পেয়ে রোগীরাও বাড়ি ফিরে যাচ্ছে। করোনায় মৃত্যুবরণ করছে। সরকারের কোনো খেয়াল নেই সেদিকে। করোনার মধ্যে সরকারের লোকেরা আগুন দিয়ে মানুষকে গৃহহীন করছে।

ত্রাণ বিতরণের সময় ছাত্রদল পশ্চিম সভাপতি কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন মাহমুদ বাবু, আমিনুর রহমান লিটন, এইচ এম মোজাম্মেল, মাজহারুল ইসলাম রাসেলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর