মাছ চুরির মামলায় কারাগারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার

মাছ চুরির অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ সালাম ওরফে লালকে (৭২) গ্রেফতার করেছে পুলিশ। আজ (শনিবার) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের ২ং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, গত ১৩ জুলাই শহরের সিএন্ডবি ঘাট এলাকার বাসিন্দা হাসেম ফকিরের দায়ের করা মামলায় বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ওরফে লালকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সাবেক এই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের নামে টেপাখোলা গরুর হাটে চাঁদাবাজির আরও একটি মামলা রয়েছে।

মামলার এজহারে বাদী অভিযোগ করেন, তিনি স্থানীয় একটি পুকুরে মাছ চাষ করেন। সম্প্রতি এই পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এম এ সালাম লাল। টাকা দিতে ব্যর্থ হওয়ায় নিজের লোকজনকে নিয়ে ওই পুকুরের সব মাছ ধরে নিয়ে যান তিনি।

উল্লেখ্য, এম এ সালাম ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার মৃত রমজান ফকিরের ছেলে। একময় তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। তাছাড়া একবার ফরিদপুর পৌরসভার কমিশনারও তিনি নির্বাচিত হয়েছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর