টাকার অভাবে চিতায় উঠেনি মানিকগঞ্জে নিহত ৬ জনের মরদেহ

অর্থাভাবে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ হিন্দু পরিবারের সদস্যকে চিতায় দাহ করা সম্ভব হয়নি। তাই তাদেরকে ধর্মীয়মত দাহ না করে মাটিচাপা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার ভাদ্রা গ্রামে নিহতদের নিজ বাড়ির আঙিনায় মাটিচাপা দেয়া হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের হরে কৃষ্ণ বাদ্যকার (৫৫), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৮), গোবিন্দর স্ত্রী ববিতা বাদ্যকার (২৫), মেয়ে রাধে বাদ্যকার (৪), চাচি খুশি বাদ্যকার (৫২) ও চাচাতো ভাই রাম প্রসাদ বাদ্যকার (৩০)।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল সরদার জানান, নিহতের পরিবারে ৩ নারী ছাড়া আর কেউ বেঁচে নেই। তারা খুবই দরিদ্র। একসাথে ৬ জন পূর্ণ বয়স্ক মানুষকে দাহ করতে কমপক্ষে ৭০-৮০ হাজার টাকা প্রয়োজন। সেটা তাদের পরিবারের পক্ষ থেকে জোগার করা সম্ভব হয়নি। তবে নিহতের স্বজনরা যদি দাহ করার দাবি জানাতেন তাহলে আমাদের সহযোগিতায় লাশগুলো দাহ করা হতো।

এদিকে শনিবার সকালে লাশগুলো মাটিচাপা দেয়ার ঘণ্টাখানেক পর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নিহতদের বাড়ি পরিদর্শন করে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।

এ বিষয়ে নাগরপুরের সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের বাড়িতে গিয়ে হরে কৃষ্ণের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা, চাচাতো ভাই রাম প্রসাদ বাদ্যকারের পরিবারকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর