জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়া পাঁচ রাস্তার মােড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ রাতের আঁধারে স্বাধীনতা বিরােধী অপশক্তি কর্তৃক ভেঙে বিকৃত করার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী শিক্ষক সংগঠন “শাপলা ফোরাম” তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান সাক্ষরিত এক প্রতিবাদ লিপি থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ, দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিকৃত করায় প্রতিবাদ ও শাস্তি দাবী করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ (নির্বাচিত)।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. রুহুল কুদুস মােঃ সালেহ এবং সাধারণ সম্পাদক ড. মোঃ আবু হেনা মােস্তফা জামাল সাক্ষরিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মােড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ রাতের অন্ধকারে ভেঙ্গে বিকৃত করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধু পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় মনে করে এটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। অপরাধীদের অতি দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, শুক্রবার রাতের কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে দেয় দুর্বৃত্তরা।
বার্তাবাজার/এসজে