ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বিকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এসএসসি ২০১৯ ও ২০২১ সালের ব্যাচ মুখোমুখি হয়। ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় ২০২১ সালের এসএসসি ব্যাচ।
জানা যায়, দীর্ঘ এক মাসেরও বেশী সময় ধরে স্থানীয় সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের খেলা চলে। বিদ্যালয়ের বেশকিছু ব্যাচের অংশগ্রহণে চলা এই টুর্নামেন্টের পুরস্কারদাতা হিসাবে ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন।
আজকে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ময়মনসিংহ-৯ আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি। তার স্থলে প্রধান অতিথি হিসাবে চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন উপস্থিত ছিলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
খেলায় নির্ধারিত সময় গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। চরম উত্তেজনাকর ট্রাইব্রেকারও দুই বার করে অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক দর্শকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম বাবুল ছাড়াও স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন উপজেলার বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও জনপ্রিয় রেফারি শফিকুল ইসলাম রিপন।
বিজয়ী দলের পক্ষ থেকে সামিউল আলম সাব্বির, মো. নয়ন মিয়া ও মো. আকাশ মিয়া সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুন্দর পরিবেশে খেলা পরিচালনায় সহযোগীতা করার জন্য।
বার্তাবাজার/এসজে