মিরপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের একটি বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মহিন উদ্দিন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় মহিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। বর্তমানে মহিন মিরপুর-১২ নম্বর সেকশনের আলোকদি এলাকায় একটি বাসার পাঁচ তলায় ভাড়া থাকতেন।

মহিনের স্ত্রী মেহেরুন্নেসা রিতু জানান, গত চার বছর আগে মহিনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন রিতু। নিহত মহিন মিরপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক ছিলেন।

রিতু বলেন, আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মহিনকে বাসায় রেখে রিতু বাসার নিচে যান। কিছুক্ষণ পর রিতু বাসায় ফিরে দেখেন মহিন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। সাথে সাথে মহিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন। মহিন গলায় ফাঁস দিয়ে কেন আত্মহত্যা করেছেন তা আমার জানা নেই।

মহিনের ছোট ভাই মাহিম উদ্দিন জানান, গত তিন দিন ধরে ভাইয়ের সঙ্গে ভাবির সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। দুপুরেও তাদের মাঝে ঝগড়া হয়। বিকেল ৩টার দিকে ভাবি ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান। এর পরপরই এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর