বগুড়ায় নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

বগুড়ার ধুনটে আট বছর বয়সি নাতনিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় দাদা ইউনুস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। আটক ইউনুস আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের দেলবর হোসেনের ছেলে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার শিকার ওই শিশুটি ইউনুস আলীর প্রতিবেশী নাতনি। পাশাপাশি বসতবাড়ি হওয়ায় গত ১১ নভেম্বর বিকেলের দিকে ইউনুস আলী ওই শিশুটিকে ঘরের ভিতর ডেকে নেয়। এসময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণচেষ্টা করে ইউনুস আলী। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ইউনুস আলীর শ্বশুর একই গ্রামের আসু শেখ জামাতার উপর ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরের দিকে ইউনুস আলীকে কাস্তে দিয়ে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এদিকে শিশুটির বাবা বাদি হয়ে আজ শনিবার সকালে ইউনুস আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, শনিবার সকালের দিকে শিশুটির জবানবন্দী রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টা অভিযোগে মামলায় গ্রেপ্তার ইউনুস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর