কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা, ফখরুলের নিন্দা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আজ বিকেলে ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী কোন কারণ ছাড়াই মিছিল সহকারে প্রকাশ্যে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশ পরিচালনায় ও জন সমস্যা নিরসনে সীমাহীন ব্যর্থতা এবং দুর্নীতি, লুটপাট, দু:শাসন আড়াল করতে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আর এ কারণেই সংঘাত ও বিবাদ সৃষ্টি করতে উস্কানীমূলক কর্মকান্ড পরিচালনা করছে।

তিনি আরও বলেন, গত সপ্তাহে মাগুরা জেলা বিএনপি’র কার্যালয়ে অতর্কিতে হামলা চালানোর পর আজও বিনা কারণে আকষ্মিকভাবে কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এটি নি:সন্দেহে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও দমন-পীড়ণেরই ধারাবাহিকতা।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর