আধিপত্য বিস্তার নিয়ে ১৫টি বাড়িঘর ভাংচুর, আহত -১০

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর ও দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকালে আবুল কালাম আজাদের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পলাশ সমর্থক দুর্গাপুর গ্রামের ফরহাদ শেখ, তোকান মিয়া, ওহিদ শেখ, মোস্তফা শেখ, হাসু শেখ, খায়ের শেখ ও বাবলু শেখসহ প্রায় ১৫টি বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বলে জানান ক্ষতিগ্রস্থ দুর্গাপুর গ্রামের বাবলু শেখ।

এসময় বাঁধা দিতে গেলে প্রায় ১০ জন আহত হয়। মারাত্মক আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

সংঘর্ষের ব্যাপারে রইসুল ইসলাম পলাশ বলেন, আবুল কালাম আজাদের সমর্থক বাকিয়ার দফাদার, পান্নু, ও জিয়ার নেতৃত্বে আজ সকালে আমার সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়।

আবুল কালাম আজাদ বলেন, সুদের টাকার লেনদেন নিয়ে সংঘর্ষের ঘটনা শুনেছি। আমার কোনো লোকজন কারও বাড়িঘর ভাংচুর বা লুটপাট করেনি। রাজনৈতিক ফায়দা লুটার জন্য প্রতিপক্ষের লোকজন অপপ্রচার করছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিবেশ এখন শান্ত। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর