সাভার পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
এই বর্ধিত সভায় আসন্ন সাভার পৌর মেয়র নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্য গোপন ভোট অনুষ্ঠিত হয়।
সাভার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সাভার উপজেলা আওয়ামী লীগের দুইজন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ভোট প্রদান করেন।
সর্বোচ্চ ভোট পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি, ২য় স্থানে রয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা এবং ৩য় স্থানে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী।
বর্ধিত সভা শেষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে আসন্ন পৌরসভা নির্বাচনে আমরা যেন দলীয় প্রার্থীদের নামের তালিকা ৫ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে পৌঁছে দেই। সে অনুযায়ী আজকের এই বর্ধিত সভা। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে যারা প্রার্থী হবেন তারা আজকে তাদের পরিচয় দিয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম সমর, ধামসোনা ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নবগঠিত আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন প্রমুখ সহ সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
বার্তাবাজার/এম.এ.আর