আগামী ১৬ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারীসহ ৬২টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা ও পৌর কমিটির এক বিশেষ বর্ধিত সভা উপজেলার বিলাসী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে আট সদস্যের প্রাথমিক তালিকা তৈরি করা হয় সভায়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় শনিবার (৫ ডিসেম্বর) উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বসে ওই আট সদস্যের প্রাথমিক তালিকা থেকে তিন জনের নাম চূড়ান্ত করে জেলায় পাঠাবেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। সভায় উপজেলা ও পৌরসভার সব ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদকসহ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় আট মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন বর্তমান মেয়র মো. মোজাফফর হোসেন বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসানুজ্জামান মিয়া মুকুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন, জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক লিটন মৃধা, সাবেক ছাত্রনেতা বিমান রায়, যুবলীগ নেতা মাসুদুর রহমান, চতুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সাফু ও উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডা. সোলায়মান মোল্লা।
সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্লা ইতোপূর্বে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভিন্ন নির্বাচনে যারা নির্বাচন করেছেন তাদের বাদ দিয়ে তিনজনের নামের তালিকা চূড়ান্ত করার প্রস্তাব রাখেন।
বার্তাবাজার/এম.এ.আর