প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেছেন, যারা ভাস্কর্যের বিরোধিতা করছেন তারা কি জানেন না, সৌদি আরবসহ বিশ্বের সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। সেখানে যদি ভাস্কর্য ইসলাম বিরোধী না হয় তাহলে বাংলাদেশে কেন হবে? সব ব্যাপারে মাথা গরম করা ঠিক না। প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়। এজন্য ভাস্কর্যের বিষয়টা তিনি দেখছেন।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ ও গণতন্ত্রের মানসপুত্র খ্যাত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় তিন নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, দেশ স্বাধীন হলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। অন্যদিকে একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বার্তাবাজার/এম.এ.আর