শুক্রবার সফরকারী ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে লিড নিয়েছে। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ভারতের জয়ের অন্যতম নায়ক। যিনি শুধু ব্যাটিংয়ের দায়িত্ব পালন করেছেন। তার ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ব্যাটেই ১৬১ রানের সংগ্রহ করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া ১৫০ রানে থামে।
তবে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচ জেতার পরপরই বড়সড় এক দুঃসংবাদ পেয়েছে। কনকাশনের কারণে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে নেয়া হয়েছে তার জায়গায়।
প্রথম ম্যাচটিতে জাদেজাকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে দেখা গেছে ব্যাটিংয়ের প্রায় পুরোটা সময় । তবু চালিয়ে গেছেন আক্রমণাত্মক ব্যাটিং। তবে শেষ ওভারে খুব একটা সমস্যা মনে হয়নি, ওভারটি ভালোভাবেই শেষ করেন জাদেজা।
ইনিংসের বিরতিতে ড্রেসিংরুমে গিয়ে কনকাশনে পড়েন জাদেজা। যার ফলে জাদেজার জায়গায় ফিল্ডিংয়ের সময় কনকাশন সাব হিসেবে নামানো হয় লেগস্পিনার ইয়ুজভেন্দ্র চাহালকে। আর ইয়ুজভেন্দ্র চাহাল বল হাতে ৩ উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জেতান, নিজেও জেতেন ম্যাচসেরার পুরস্কার।
ভারতীয় ক্রিকেট বোর্ড জাদেজার কনকাশনের বিষয়ে দেয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইনিংস বিরতিতে নিবিড় পর্যবেক্ষণের পর তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে আরও কয়েক দফা পর্যবেক্ষণের পর প্রয়োজন পড়লে স্ক্যান করানো হবে। জাদেজার বদলে বাকি দুই ম্যাচের স্কোয়াডে থাকবেন শার্দুল ঠাকুর।
ভারতের পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ইয়ুজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামী, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, থাঙ্গারাসু নাটরাজন এবং শার্দুল ঠাকুর।
বার্তাবাজার/কে.কে