চট্টগ্রামে পুলিশ বক্সে হামলাকারীদের ছবি আইএসের ওয়েবসাইটে প্রকাশ

বিশ্বের জঙ্গীদের অনলাইনে নজরদারী করা সাইট ইন্টিলিজেন্স গ্রুপ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গত বছরের ২ নভেম্বর মুখ ও মাথায় কাপড় বাঁধা ৯ যুবকের ছবি প্রকাশ করেছিল। তাদের পেছনে আইএসের একটি পতাকা ছিল এবং আশেপাশে পরিবেশ ছিল জঙ্গল ঘেরা।

ছবিতে যুবকদের নাম পরিচয় উল্লেখ না থাকলেও পুলিশি তদন্তে তাদের পরিচয় জানা গেছে। পুলিশ নিশ্চিত হতে পেরেছে যে ওই ছবি প্রকাশের ৪ মাসের মাথায় ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে যে বোমা হামলা চালানো হয় তার পরিকল্পনায় ছিল ওই যুবকরাই। সেদিন বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

এর আগে যেসব হামলা ও হত্যার ঘটনায় আইএসের দায় স্বীকারের খবর বেরিয়েছে, সেগুলোতেও দেশীয় জঙ্গিগোষ্ঠী নব্য জেএমবি জড়িত বলে পুলিশের এটিইউ ও সিটিটিসি বলে আসছে। আর র‍্যাব এই গোষ্ঠীকে ‘সারোয়ার-তামিম গ্রুপ’ হিসেবে উল্লেখ করে আসছে।

এটিইউ সূত্র জানায়, গ্রেপ্তার নোমান খান এই গ্রুপের আমির। বান্দরবান সরকারি কলেজে তিনি পড়াশোনা করেছেন। এরপর সাতকানিয়ার একটি মাদ্রাসায় ইংরেজির শিক্ষক হিসেবে পড়াতেন। গ্রেপ্তার জহির সংগঠনের দাওয়াতি শাখার প্রধান। পলাতক থাকা তিনজনের মধ্যে সেলিম সামরিক শাখার প্রধান।

জহির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে তিনি লোহাগাড়ার ফরিয়াদির কুলে (আশ্রয়ণ প্রকল্পের পাশের গ্রাম) যান। পাহাড়ের মধ্যে গাছে আরবি লেখা কালো পতাকা বেঁধে সেলিম বায়েত করান। পরে সবাই একসঙ্গে ছবি তোলেন। তিনি নিজেই সবার ছবি তোলেন। পরে সেলিমকে ছবি দিয়ে দেন। পরে সেলিম টেলিগ্রাম অ্যাপসে ‘বড় ভাইদের’ সঙ্গে যোগাযোগ করতেন।

তবে তদন্ত কর্মকর্তাদের ধারণা, জহিরও ছবিতে ছিলেন। কিন্তু তিনি স্বীকার না করায় ছবিতে তাঁর থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এটিইউর পুলিশ সুপার (অভিযান) ছানোয়ার হোসেন বলেন, নোমান ও কাইয়ুম নামের দুজনকে গ্রেপ্তার করেছেন তাঁরা। এর মধ্যে নোমান সাইট ইন্টেলিজেন্সে প্রকাশিত ছবিতে থাকার কথা নিশ্চিত করেছেন। তাঁর কাছ থেকে অন্যদের পরিচয়ও জানা গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সুত্র-জাতীয় দৈনিক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর