পঞ্চগড় সুগার মিলে চলতি মৌসুম থেকে আখ মাড়াই বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে মিলের কয়েকশ শ্রমিক কর্মচারী।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে সুগার মিল চত্বরে জড়ো হয় ক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা। তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সুগার মিলের প্রধান ফটকের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এ সময় ক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটক পড়ে। ভোগান্তিতে পড়েন পথচারীরা। পরে পুলিশের হস্তক্ষেপে সুগার মিলে আখ মাড়াই চালুসহ ৫ দফা দাবি মানতে সরকারের কাছে ২৪ ঘন্টার আন্টিমেটাম দেন ক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা। দাবি না মানা হলে শুক্রবার থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রোকনুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল সালাম, সাংগঠনিক সম্পাদক সফিয়ার রহমান, দপ্তর সম্পাদক মাহফুজ খন্দকারসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.এ.আর