সরকার দলের আপত্তিতে সিরাজগঞ্জে মামুনুলের ওয়াজ নিষিদ্ধ

সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আপত্তিতে নিষিদ্ধ করা হয়েছে মাওলানা মামুনুল হকের ওয়াজ মাহফিল। উপজেলার জামতৈল এলাকার দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আগামী ১৭ ডিসেম্বর ওয়াজ মাহফিলে যোগ দেয়ার কথা ছিল খেলাফত মজলিশ ও হেফাজতের কেন্দ্রীয় এই নেতার।

এ বিষয়ে মাহফিলের আয়োজক সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষা সচিব মোহাম্মদ জাকারিয়া জানান, মামুনুল হক সাহেবের যে ওয়াজ মাহফিলটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। উনি আসছেন না সিরাজগঞ্জে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল বলেন, সিরাজগঞ্জের সন্তান হিসাবে আমি মনে করছি আমাদের জেলায় মামুনুল হকের মত উগ্রবাদী ও সাম্প্রাদায়িক চেতনার ব্যক্তির মাহফিল হতে পারেনা। আমরা তার বিরুদ্ধে কর্মসূচির ঘোষণা করেছি। এরই মাঝে আয়োজকরা তাকে আসতে মানা করে দিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল জানান, আমরা আয়োজকদের সাথে কথা বলেছি। যে ব্যক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিতে চায় তার মাহফিল সিরাজগঞ্জে কোনোভাবেই করতে দেয়া হবে না। তারা পরিস্থিতি কি হবে তা আঁচ করতে পেরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর