১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড

বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করার সময় মাছ ধরার ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তখন জাল, টলারসহ বিপুল পরিমাণ মাছও উদ্ধার করা হয়।

আজ (বুধবার) রাতে আটককৃতদের সবাইকে জব্দকৃত মাছ, জাল ও ট্রাকসহ মোংলা থানায় সোপর্দ করা হয়েছে। তারা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম সিদ্দিক হাসান জানান, বন্দরের কাছেই বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে নিয়মিত টহল দেয়ার সময় অনুপ্রবেশকারী সন্দেহজনক কয়েকটি মাছ ধরার নৌকা দেখা যায়। এ সময় কোস্টগার্ড সমুদ্রের দেশীয় জলসীমা থেকে ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে।

এ বিষয়ে মোলংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় এক মেট্রিক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমানা লঙ্ঘন আইনে মামলার পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর