ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফেসবুকে কটুক্তির দায়ে যুবক গ্রেপ্তার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ অপপ্রচার ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ইব্রাহিম খলিল ওরফে আশিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।

আজ (বুধবার) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাউছার সরকার বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর ওই যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আশিক গাজীপুর সদর থানার পোড়াবাড়ি বাজার এলাকার আফতাব উদ্দিন এর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ইব্রাহিম খলিল ওরফে আশিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলো। গত মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার নিজ ফেসবুক আইডি থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী ও তার চাচার বিরুদ্ধে দুটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর পোস্ট করেন। এতে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে প্রতিমন্ত্রী রাসেল এবং তার চাচার মান-সম্মান ক্ষুন্ন করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শত্রুতা, ঘৃনা এবং বিদ্বেষ ছড়ানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযুক্ত যুবক ইব্রাহিম খলিলকে দুপুরে পোড়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে তার অপরাধ স্বীকার করেছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর