শাহরিয়া হৃদয়, কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদুল ফিতরের জামাতে এবার নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। ২০১৬ সালের ঘটনা আর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাসহ দেশ-বিদেশের সাম্প্রতিক জঙ্গি হামলাকে মাথায় রেখে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা বিধানে সাজানো হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার ছক। আজ রোববার দুপুরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সারওয়ার মুর্শেদ চৌধুরী এ কথা জানিয়েছেন।
এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মুসল্লিদের থাকা-খাওয়া ও যাতায়াত সুবিধার বিষয়গুলো তুলে ধরেন। জানান, ঈদের দিন মুসল্লিদের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব জংশন থেকে দু’টি স্পেশাল ট্রেন কিশোরগঞ্জে আসা-যাওয়া করবে। এছাড়া শহরের উপকন্ঠে নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১৯২তম জামাতে এবারও মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ইমামতি করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের জামাতের আগে দেশের ঐতিহাসিক ঈদগাহ শোলাকিয়া ময়দানের প্রবেশপথের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সবুজবাগ সংযোগ সড়কে তল্লাশীর সময় পুলিশের উপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ হামলায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আনছারুল হক,জহিরুল ইসলাম এবং সবুজবাগ এলাকার গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক ও আবির হোসেন নামের এক জঙ্গি ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া ১২ পুলিশ সদস্য এবং চার মুসল্লি আহত হয়।