পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ হবে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও জনগণের প্রতি মানবিক। সেই সঙ্গে বিট পুলিশিংয়ের মাধ্যমে পৌঁছে দেয়া হবে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা।
বুধবার ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, ‘কোনো সুযোগ নেই জনগণের সঙ্গে খারাপ আচরণ করা ও নির্যাতন করার। জনগণের প্রতি যেকোনো প্রকার নির্দয় আচরণ বন্ধ করে গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা। মানুষের ভালোবাসা পাওয়া যায় মানুষের সাথে ভালো ব্যবহার করলে। তার প্রমাণ করোনাকালে পুলিশ পেয়েছে।’
পুলিশপ্রধান বলেন, ‘কোনো প্রকার দুর্নীতির আশ্রয় যেন গ্রহন না করতে হয়, সেজন্য বর্তমান সরকার সব সরকারি পেশাজীবীর সুযোগ-সুবিধা ও বেতন- ভাতা অনেক বাড়িয়েছে। তাই, জীবন-যাপন করতে হবে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ। দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারবে না পুলিশের কোনো সদস্য।’
বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশের কোনো সদস্য মাদক গ্রহণ করবে না, মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখবে না,মাদকের ব্যবসার সাথে যুক্ত থাকবে না।’
বিট পুলিশিংয়ের ব্যাপকতা ও গুরুত্ব উল্লেখ করে আইজিপি বলেন, ‘সারাদেশকে ৬ হাজার ৯১২টি বিটে ভাগ করে বিট পুলিশিং চালু করা হয়েছে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। এর ফলে জানতে পারবে বিট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওই এলাকার প্রতিটি থানা সম্পর্কে , চিহ্নিত করতে পারবে তাদের সমস্যা। ফলে ওই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইনি সেবা প্রদান করা সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশকে ধনী দেশে উন্নীত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করছেন। নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে উন্নত দেশের উপযোগী পুলিশ হওয়ার জন্য। বাড়াতে হবে পেশাগত দক্ষতা। সেট করতে হবে নিজের টার্গেট। তৈরি করতে হবে অধঃস্তনদেরকে। ভালোবাসতে হবে সংগঠনকে, সম্মান নিয়ে চাকরি করতে হবে।’
বার্তা বাজার/কে.কে