ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মুক্তিযুদ্ধের দীর্ঘ ৫০ বছর পর কে বা কারা মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সংগঠনকে চরমোনাইর পীর সাহেব রহ. ও মাদ্রাসার বিরুদ্ধে লেলিয়ে দিলেন তা আমাদের বুঝে আসে না।
দীর্ঘ ৫০ বছর পর এসে কুতুবল আলম আল্লামা ফজলুল করীম পীর সাহেব চরমোনাই (রহ.)- কে রাজাকার বলে গালি-গালাজ করছে। অথচ বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের আশা ভরসার স্থল ছিল চরমোনাই মাদ্রাসা। চরমোনাই মাদরাসায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ওলামায়ে কেরামকে সরকারের মুখোমুখি দাঁড় করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে।
তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইতিহাসের পরাশক্তি নমরুদ, ফেরাইন, কারুণ, সাদ্দাদ, গৌরগোবিন্দরা রেহাই পায়নি। বর্তমানেও কেউ পাবে না।
উগ্রবাদী মহলটিকে এখনই চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশের সম্প্রীতি বিনষ্ট করে দেশকে এরা অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চরমোনাই পীর।
বার্তা বাজার/এএস