ভারতীয় জেলেদের অনুপ্রবেশ , মাছ শিকারের দ্বায়ে আটক ১৭

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১৭ জন ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। এ সময় জব্দ করা হয়েছে ট্রলারে থাকা  বিভিন্ন প্রজাতির মাছ ও জাল-দড়ি।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শাহরিয়ার আলম জানান, মঙ্গলবার গভীর রাতে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস সোনার বাংলা টহল দানকালে বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় এফবি মা-শিবানি নামের একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে। আটক এ সকল জেলেদের বাড়ি ভারতে দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

আটককৃত জেলেদের বুধবার সন্ধ্যায় ট্রলার ও মাছসহ মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।

আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী।

বার্তা বাজার/এম.এ.আর
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর