প্রতিবেশী দেশ ভারত থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় ৩ বছর পর পুনরায় চাল আমদানি করা হচ্ছে। আজ বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির এ প্রস্তাব অনুমোদন দিয়েছে।
জানা গেছে, ভারতীয় কোম্পানি এগ্রিলিংক পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা থেকে এই চাল সরবরাহ করবে।প্রতি কেজি চাল আমদানিতে খরচ পড়বে ৩৫.২৭ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিটের তথ্য বলছে, গত এক বছরে দেশে খাদ্যের মজুদ অর্ধেক কমে গেছে। অথচ দেশে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে। বলা হচ্ছে, বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া, করোনার চলমান মহামারি এবং মহামারি চলাকালেই কয়েক দফা বন্যার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।
তথ্যমতে, গত বছরের ১ জুলাই সরকারের হাতে খাদ্যের মজুদ ছিল ১৬ দশমিক ৭৪ লাখ টন। এক বছরে তা কমে হয়েছে ১১ দশমিক ৮৮ লাখ টন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, গত অর্থবছরে দেশে ৩ দশমিক ৭৬ কোটি টন ধান ও গম উৎপন্ন হয়েছিল। আগের অর্থবছরের তুলনায় তা শূন্য দশমিক ৪৫ শতাংশ বেশি। ২০১৯ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ০৪ শতাংশ।
বার্তা বাজার/এএস