তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। বুধবার (২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীন এর নেতৃত্বে কাশিমপুর থানাধীন লতিফপুরের বুড়ার বাজার এলাকায় পরিচালিত অভিযানে সাতশত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরিচালিত এই অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয় এবং অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার ও পাইপ তুলে জব্দ করা হয়।

এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইনে কয়েকজন বাড়িওয়ালাকে ১৬ হাজার টাকা জরিমানা করেন।

এব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীন জানান, আজ (বুধবার) কাশিমপুর থানাধীন লতিফপুরের বুড়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে একটি অসাধু চক্র তিতাসের বৈধ উচ্চ চাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে দুই ইঞ্চি, দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি পাইপ ব্যবহার করে এই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়েছে। আজকের (বুধবার) অভিযানের দ্বারা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপলাইন উচ্ছেদ হয়।

তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২ ধারায় কয়েকটি মামলায় সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- উপ ব্যবস্থাপক (ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক সুমন দাস, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।

অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাশিমপুর থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর