জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি করে বিভিন্ন অপরাধে ৬৮টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৫ জন কর্মকর্তার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মহানগর, শরীয়তপুর, নরসিংদী, টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, নেত্রকোণা, গাজীপুর, কুমিল্লা, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও বগুড়ায় চলে এই অভিযান।
প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মো: মাসুম আরেফিন, সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামানিক, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: মাগফুর রহমান, জনাব মাহমুদা আক্তার ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: আব্দুল জব্বার মন্ডল কর্তৃক গ্রীণরোড, বিএনপি বাজার, তালতলা বাজার, শনিরআখড়া, শাহবাগ কাঁচাবাজার এলাকায় তদারকি
কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মুসলিম সুইটস, বিক্রমপুর সুইটস এন্ড বেকারীকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে সূর্যেবানু রেস্তরাকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ফজলুল হক মেডিকেল কর্ণার ও আবিদ ড্রাগকে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে সততা জেনারেল স্টোরকে ৩ হাজার টাকা ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে শাহিন ড্রাগ হাউজ, আল- বারাকা ফার্মেসী, ডিসেন্ট ফার্মার প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এইদিনে মোট ১,৩৩,০০০/- (এক লক্ষ তেত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ২০টি বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপ, ওজনে কারচুপি, সেবা প্রদানে অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫৬টি প্রতিষ্ঠানকে ৩,২২,৫০০/- (তিন লক্ষ বাইশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১,২৫০/- (এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়।
এদিন সর্বমোট ২৫টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা ও ৩টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৬৮টি প্রতিষ্ঠানকে মোট ৪,৮০,৫০০/- (চার লক্ষ আশি হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাবের সদস্যগণ এসব তদারকি কার্যক্রমে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে