মায়ের আত্মার শান্তির জন্য মাকেই খুন!

গাজীপুরের শ্রীপুরে ছেলের দায়ের কোপে রেহেনা খাতুন (৪০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। আজ (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রেহেনা একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢালি জানান, সকালে রেহেনা খাতুন নিজ বাড়ির ওঠানে ধান শুকাচ্ছিলেন। তখন তার ছেলে ইয়াসিন (১৬) গাছ থেকে ডাব পেড়ে খাবে বলে মায়ের কাছে একটি দা চায়। ছেলের কথামত দা দিয়ে রেহেনা খাতুন কাজে চলে যায়। কিছুক্ষন পর পেছন থেকে মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয় ইয়াসিন। মাঠিতে লুটিয়ে পড়ার পর এলোপাতাড়ি মাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সে।

আশরাফুল ইসলাম ঢালী আরও জানান, অভিযুক্ত ইয়াসিন স্থানীয় বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। কয়েকদিন ধরে মানসিকভাবে সে কিছুটা অসংলগ্ন আচরণ করছিল। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে।

এ বিষয়ে ইয়াসিন জানান, নিজের মায়ের আত্মার শান্তির জন্য সে তার মাকে হত্যা করেছে। তবে এখন মায়ের জন্য তার খুব খারাপ লাগছে।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর