তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেছেন, তুরস্ক সরকারের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করবে আঙ্কারায়। সেইসাথে ঢাকায় কামাল আতাতুর্ক এভিনিউয়ে মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে।
আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ।
তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের সৌর্হাদ্যপূর্ণ সহযোগিতার বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবার আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছেন তুরস্কের প্রতীক। এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করবো এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপিত হবে। শিগগিরই এই কাজ শুরু করা হবে।’
এছাড়া ইস্তানবুল ও চট্টগ্রামেও এ ধরনের কিছু করা যায় কিনা- তা নিয়েও আলোচনা হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রদূত জানান।
এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক। আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা মুজিববর্ষ উপলক্ষে আলোচনা করেছি। এই মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন।’
বার্তা বাজার/এএস