আল্লাহকে কটূক্তি করার অভিযোগে রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পালাগানে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ান বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বুধবার (২ ডিসেম্বর) এ পরোয়ানা জারি করেন।

রিতা দেওয়ান ছাড়াও দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা হলেন- শাজাহান ও ইকবাল।

পালা গানের মাধ্যমে তারা ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করেছেন বলে যে অভিযোগ করা হয়েছিল, সেটির ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে জানিয়ে গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। এর আগে, ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান গত ২ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে এই অভিযোগ দায়ের করলে বিচারক পিবিআইকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছিলেন।

মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান জানান, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান সৃষ্টিকর্তাকে নিয়ে ‘ধৃষ্টতা ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। ইউটিউবে সেই পালা গানের ভিডিও ছড়িয়ে পড়ায় তা মানুষের ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হেনেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বার্তা বাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর