ঢাকায় দুই ‘জেএমবি’ সদস্য আটক

ঢাকায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৮।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।
আটকৃতরা দু’জন হলেন ব্রাক্ষ্মণবাড়িয়া সদরের ভাতসালা চাপুরইর এলাকার মো. ইসমাইল খানের ছেলে মো. ইয়াসিন আহমেদ (২৬) ও চাঁদপুর সদরের মহিশাদী ইউনিয়নের হামানপদ্দি এলাকার মো. মঈন উদ্দিন খানের ছেলে মো. মোসাহেদ খান মিশু (৩০)।
এর মধ্যে ইয়াসিন আহমেদ ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদুপরের শহীদ সলিমউল্লাহ রোডের একটি বাসায় এবং মোসাহেদ খান ওরফে মিশু মোহাম্মদুপরের আদাবর শেখেরটেক পিসি কালচার হাউজিং এর ৯ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করতেন।
এর আগে মো. ইয়াসিনকে ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদুপর ও মো. মোসাহেদকে আদাবর এলাকা থেকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।
র‌্যাব জানায়, মোসাহেদ ও ইয়াসিন আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে।
তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও স্বীকার করে।
পাশাপাশি দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে।
এছাড়া বিভিন্ন সময় আগে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদেও আটকদের বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়।

বার্তা বাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর