ভাস্কর্য ও মুর্তি নিয়ে চলমান বিতর্কের অবসানের খাতিরে এই বিষয়টাকে আর আলোচনায় না আনার জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে তিনি এই অনুরোধ জানান।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ বিষয়ে ভুল বোঝাবুঝি থাকতেই পারে। তবে আলাপ আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করা যায়। এই বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সবাইকে আরও সংযত হতে হবে।
তিনি আরও বলেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী যে কার্যক্রম গ্রহণ করেছে তার ধারা চলমান থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আন্তধর্মীয় আলোচনার আয়োজন করা হবে।
এসময় আরআরএফ-এর সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ধর্ম প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বার্তাবাজার/এসজে