দখলদারদের কবল থেকে মুক্ত নাগরপুর জমিদার বাড়ি

অবশেষে প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দখলদারদের কবল থেকে মুক্ত করা হয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐত্যিহ্যবাহী ‘চৌধুরীবাড়ি জমিদার বাড়ি’।

সোমবার দুপুরের পর থেকে দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র কমিশনার উপমা ফারিসা ও নাগরপুরের সহকারী ভূমি কমিশনার তারিন মসরুর।

অভিযানে নাগরপুর মহিলা কলেজের দখলে থাকা ৮টি ও শহীদ সামছুল হক বালিকা বিদ্যালয়ের দখলে থাকা ১টি ভবন উদ্ধার করা হয়। এসব ভবনে সংশ্লিষ্ট দুই শিক্ষা প্রতিষ্ঠানে কর্তব্যরত শিক্ষক ও কর্মচারীরা পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জমিদার বাড়ির ভবনে কলেজের কার্যক্রম চলে আসলেও অন্যসব ভবন ঝূঁকিপূর্ণ হওয়ায় জননিরাপত্তার স্বার্থেই এই অভিযান পরিচালনা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর জমিদার বাড়ি পরিদর্শন করে জেলা প্রশাসনকে অবহিত করেন প্রত্নতত্ত্ব অধিদফতরের পরিচালক। এর পর জেলা প্রাশাসনের নির্দেশে নাগরপুরের ইউএনও সিফাত-ই-জাহান সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের প্রধানদ্বয়কে ভবন খালি করার নোটিশ দেন। কিন্তু তারা জেলা প্রশাসনের কাছে সময় চান। এরপর পূনরায় নোটিশ দেয়া হয় তাদেরকে।

পরপর্তীতে সোমবার বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস ফোর্সসহ ঘটনাস্থলে যান। এ সময় দখলে থাকা ভবন গুলো দখল মুক্ত করে সিলগালা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার তারিন মসরুর জানান, জননিরাপত্তার কথা ভেবেই এই অভিযান চালানো হয়। আজ (মঙ্গলবার) সফলভাবে উচ্ছেদ করা হয় দখলদারদের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর