র‍্যাবের অভিযানে চোরাই তারসহ আটক ৩

র‍্যাব-৪ অভিযান চালিয়ে ঢাকার সাভারের মধুমতি মডেল টাউন এলাকা থেকে চোরাই ৮ হাজার ৫০০ কেজি ইলেকট্রিক তারসহ চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

আটক ৩জন হলেন- গাজীপুর জেলার এমদাদুল ইসলাম (৩৬), পাবনা জেলার মো. নাসির (২৬) ও ভোলা জেলার লোকমান হোসেন (৫৩)।

অভিযান চলাকালে র‍্যাব চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, চারটি কাটার ও একটি ওয়েট মেশিন জব্দ করে।

এর আগে সোমবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকা থেকে পিকআপ ভর্তি চোরাই তার উদ্ধার করা হয়।

এব্যাপারে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, গতকাল (সোমবার) রাতে কিছু অসাধু লোক চোরাই ইলেকট্রিক তার বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এসময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থেকে ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তার উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্যকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে ইলেকট্রিক তার চুরি করে সাভার সহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলো।

আটক ৩জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাব-৪ এর এই সিনিয়র সহকারী পুলিশ সুপার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর