বিএনপির ক্ষোভ, মুছে দিলো স্কুলের নতুন নাম

রাজধানীর পুরান ঢাকার বংশালের মোঘলটুলীতে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বিক্ষোভের একপর্যায়ে বিক্ষুব্ধ হয়ে তারা স্কুলটির নতুন নামে কালি লেপটে দেন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হাবিবুন নবী সোহেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা স্কুলের গেটের ওপরে উঠে নতুন নামের ওপর কালি মেখে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপির একটি মিছিল থেকে নেতাকর্মীরা গিয়ে স্কুলের তোড়ণে উঠে কালি মেখে দেয়।

বিক্ষোভে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবশেষ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব-উন-নবী খানসহ দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

পথসভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ শে মার্চ জিয়াউর রহমানের নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন।

বিক্ষোভ মিছিলটি পরে নবাবপুর সড়কে গিয়ে পথসভা করে। সেখানে হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘জিয়াউর রহমানের নাম বিদ্যালয় থেকে পরিবর্তন করলেই মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। আমাদের প্রতিবাদ শুরু হয়েছে এবং তা চলবে।’

প্রসঙ্গত, আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্থাপনা থেকে জিয়ার নাম সরিয়ে দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বার্তাবাজার/এম,এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর