ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সামনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী মো.তারিকুল ইসলাম, সৈয়দ নিজামুল হক, তৈয়াবুর রহমান, জিয়াউর রহমান, মহিদুল হোসেন, জাবের আলী ও সঞ্জয় কুমার দে প্রমুখ।
তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করতে হবে। দেশের ২৬ হাজার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে ডাকা কর্মবিরতির ফলে সারাদেশে এক লাখ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রে প্রতিদিন ২০ হাজার মা ও শিশু টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন বলেও জানান আন্দোলনকারী স্বাস্থ্য সহকারীরা। দাবি বাস্তবায়ন না হলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকেও স্বাস্থ্য সহকারীরা বিরত থাকবেন বলে কর্মসূচিতে ঘোষণা দেয়া হয়।
তারা আরও জানান, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দেন এবং ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঘোষণা দেন ও ২০২০ সালের ২০ফেব্রুয়ারি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক লিখিতভাবে প্রতিশ্রুতি দেন নিয়োগ বিধিসহ বেতন বৈষম্য নিরসনের দাবি পূরণ করবেন। কিন্তু আজও পর্যন্ত সেই দাবিগুলো পূরণ হয়নি। তাই তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন।
বার্তাবাজার/অমি