ষড়যন্ত্র করে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার পায়তারা করছে: মামুনুল

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকার পরও লক্ষ করছি, একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাকে (ব্যক্তি মামুনুল হককে) সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আর এ জন্য জামায়াত-শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও কল্পিত অভিযোগ আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মামুনুল হক।

বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ইসলামি মাহফিল করতে বাধা প্রদান এবং সরকারদলীয় কিছু সংগঠন তার বিরুদ্ধে আন্দোলন করছে। এমতাবস্থায় মাওলানা মামুনুল হক তার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান জাতির সামনে নিজের তুলে ধরতে বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে এই সংবাদ সম্মেলেনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে মামুনুল বলেন, ‘আমার বাবা উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ এবং দেশের একজন বর্ষীয়ান নেতা মরহুম শায়খুল হাদীস আজিজুল হক; যিনি চারদলীয় জোটের শীর্ষ চার নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেওয়া আদর্শিক-৫ দফার সঙ্গে একমত হয়েই ২০০৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুগপৎ একটি ঐতিহাসিক ধারার প্রতিনিধিত্ব করে গেছেন, যা উপমহাদেশে দেওবন্দি ধারা হিসেবে পরিচিত। আমি ব্যক্তিগতভাবে সেই ধারারই একজন রাজনৈতিক কর্মী।’

মাওলানা মামুন আরও বলেন, ‘অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধ রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নই। আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর পায়তারা চালাচ্ছে। এ জন্য জামায়াত-শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও কল্পিত অভিযোগ আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে উস্কে দেওয়ার অভিযোগ করে বলেন, আমি নানামুখী ষড়যন্ত্রের শিকার। আমি আশা করব, এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে। সেইসঙ্গে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও সৈয়দ ফজলুল করিম পীরসাহেব চরমোনাইয়ের বিরুদ্ধে কৃত কটূক্তি ও বিষোদগারের বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবেন। শুক্রবার স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নেমে আসা বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে আটক বন্দীদের অনতিবিলম্বে মুক্তি দেবেন।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী।

 

বার্তা বাজার/এএস

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর