জমি নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বিয়ের এক মাস না যেতেই মো. সোহেল রানা (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া পৌর শহরের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন নিহত মো. সোহেল রানা । তিনি উপজেলার পৌরসভার পালাকাটা এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. রকিবের ছেলে। বিয়ের একমাসও হয়নি বলে জানান রানার স্বাজনেরা।

এলাকাবাসী জানায়, দিবাগত রাত দেড়টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে একদল চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল রানার ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা রানাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি (তদন্ত) জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর