ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সামাজিক সংগঠনের ২জন তরুণ সংগঠক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। এরা ৩জনই একে অপরের বন্ধু।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার আমির হোসেনের ছেলে সোহাগ ও সদর উপজেলার দূর্গাপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হাসান সজল।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ১টি অনুষ্ঠানে অংশ নিতে চান্দিনায় যাওয়ার জন্য ১টি মোটরসাইকেলে সজল, সোহাগ ও শান্ত ৩বন্ধুই রওনা হয়। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে এসে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের তিন আরোহীকে গুরুতর আহত অবস্থায় ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত শান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনায় সোহাগ ও সজল নিহত দুজনের কথা শুনেছি। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
বার্তাবাজার/এম.এ