বোয়ালমারীতে চুরি হওয়া সেই পিতলের মূর্তি উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ মন্দির থেকে চুরি হওয়া রাধা মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ি সংলগ্ন ডোবা পাড়ের ঝোঁপঝাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর গভীর রাতে ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ থেকে চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধা-গোবিন্দ ও গোপালের বিগ্রহ মূর্তি চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশে থাকা নগদ ৮ হাজার টাকাও নিয়ে যায় চোরেরা।

মূর্তি উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ি সংলগ্ন ডোবা পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় রাধা মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মন্দিরের সেবায়েত সুজিত কুমার বিশ্বাস বাদী অজ্ঞাতনামা আসামি করে ২৪ নভেম্বর বোয়ালমারী থানায় একটি মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চুরি যাওয়া একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বাকি মূর্তি উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর