জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাংসদ নূর-ই আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে আইডি খুলে প্রতারণার দায়ে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম জাহিদ বিন আজিজ।
ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের একটি দল রাজধানীর রায়েরবারাজার এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করে।
আজ (বৃসস্পতিবার) এই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,‘জাহিদ বিন আজীজকে রায়েরবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ভুয়া ফেসবুক আইডি ব্যবহারের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। গত ২৪ নভেম্বর চিফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।’
তিনি আরও জানান, মামলার এজাহারে বলা হয়, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি ‘N. Alam Chowdhury MP’ দিয়ে দীর্ঘদিন যাবৎ কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে ফেসবুক আইডি ব্যবহার করছে। এর ফলে চিফ হুইপের ফেসবুক আইডি মনে করে বহুলোক উক্ত ফেসবুক আইডিতে যুক্ত হচ্ছেন এবং হয়েছেন। এ ছাড়াও উক্ত ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে চিফ হুইপ মহোদয়ের বিভিন্ন ছবি ও সামাজিক কর্মকাণ্ডের ছবিসহ বিভিন্ন মতামত আপলোড করা হয়েছে। প্রকৃতপক্ষে চিফ হুইপ মহোদয় কোনো ফেসবুক আইডি ব্যবহার করেন না।’
সহকারি কমিশনার ইশতিয়াক আহমেদ আরো বলেন, ‘পরবর্তীতে মামলাটি সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. আবু সাঈদ অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। বর্তমানে জাহিদ বিন আজীজকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।’
এ বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, ‘সম্প্রতি আমার নাম ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা হয়েছে। অথচ ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট কখনোই ছিল না। তাই আমার নাম ব্যবহার করে কোনো অ্যাকাউন্ট ব্যবহার না করার অনুরোধ করা গেল।’ সূত্র-এনটিভি।
বার্তাবাজার/এসজে