পাওনা টাকা চাইতে গিয়ে পিটুনিতে যুবক নিহত

রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম সুজন হাওলাদার (২২)। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার চওড়াপাড়া গ্রামে।

গতকাল (বুধবার) দুপুরে এ ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল আনছার বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আবুল আনছার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত সুজনের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের মধ্যে শান্তা ও রেনু বেগম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহতের ভগ্নিপতি মো. শাহিন জানান, শাহজাহানপুর এলাকার রবু নামে এক যুবকের কাছে ৬০০ টাকা পেত সুজন। বেশ কিছুদিন হয়ে গেলেও রবু টাকা ফেরত দিচ্ছিল না। বুধবার টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবু ও তার বন্ধু এরশাদ, ভাই হৃদয়, শান্তা, রেনু ও জসিম তাকে ইট এবং লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পেটায়। এতে সে মারাত্মক আহত হয়।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর প্রয়োজন হলে, ঢামেক থেকে শ্যমলী প্রাইম হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে অ্যাম্বুলেন্সে সুজন শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর