চট্টগ্রামে নোট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রা জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করার কথা জানায় কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বুধবার (২৫ নভেম্বর) মোহাম্মদ হোসেইন নামে এক ব্যক্তি এবি ব্যাংকের এনায়েত বাজার শাখা থেকে ৭০ হাজার টাকা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সিএনজি অটোরিকশা চালক মো. জাহান হোসেন প্রকাশ সুমন তার কাছে কিছু বিদেশি মুদ্রা রয়েছে বলে জানান। তাকে দেখতেও দেন মুদ্রাগুলো।
এ সময় সংঘবদ্ধ চক্রের কয়েকজন সদস্য এসে নোটগুলোর দাম অনেক বেশি বলে জানান এবং প্রতারণার শিকার মোহাম্মদ হোসাইনের সামনেই একজন ৩০ হাজার টাকায় দুইটি নোট কিনেন। এতে লোভে পড়ে মোহাম্মদ হোসেইন চারটি নোট ৬০ হাজার টাকা দিয়ে কিনে নেন।
পরে বাসায় গিয়ে মোহাম্মদ হোসেইন তার ছেলেকে দেখানে নোটগুলো ওমানের এবং সেগুলোর দাম ২২ টাকা করে বলে জানতে পারেন। পরে তিনি আমাদের কাছে অভিযোগ জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্টেশন রোড থেকে মো. জাহান হোসেন প্রকাশ সুমনকে আটক ও পরে তার দেওয়া তথ্যে হালিশহর এলাকা থেকে জয়নাল আবেদীনকে আটক করা হয়।
গ্রেফতার দুইজন হলো, বরগুনা জেলার তালতলী পশ্চিম হরিণখোলা এলাকার মো. আবু হানিফের ছেলে মো. জয়নাল আবেদীন (৩৪) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া মুকিমপুর এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে মো. জাহান হোসেন প্রকাশ সুমন (২৮)।
বার্তাবাজার/অমি