বিটিভি মানেই ‘বাতাবি লেবুর বাম্পার ফলন!’- দর্শকদের মন থেকে এই ধারণাটি আমরা পাল্টে দিতে চাই। বিটিভির অনুষ্ঠানমালাকে আমরা সম্পূর্ণ ঢেলে সাজাচ্ছি বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক জগদীশ এষ।
জানা যায়, দীর্ঘদিনের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে বিটিভির অনুষ্ঠানমালা। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে একাধিক আয়োজন। তারই ধারাবাহিকতায় শুক্রবার থেকে শুরু হচ্ছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’।
৫০ মিনিট ব্যাপ্তির এ অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভিন্ন-ভিন্ন জেলা বেছে নেওয়া হয়েছে। যার শুটিংও সম্পন্ন হয়েছে সব জেলায় গিয়ে। যার মাধ্যমে দর্শকেরা বিনোদন পাওয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কেও ধারণা পাবেন। জগদীশ এষের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া।
এ বিষয়ে জগদীশ এষ বলেন, “বিটিভি মানেই ‘বাতাবি লেবুর বাম্পার ফলন!’- দর্শকদের মন থেকে এই ধারণাটি আমরা পাল্টে দিতে চাই। বিটিভির অনুষ্ঠানমালাকে আমরা সম্পূর্ণ ঢেলে সাজাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ খুব ছোট্ট একটি দেশ হলেও এ দেশের বিভিন্ন জেলার সংস্কৃতি, ঐতিহ্য, আচার, জীবনযাপন ধারা, এমনকি ভাষাগতও ভিন্নতা রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ যেন দেশের সব জেলা সম্পর্কেই জানতে পারে, সে লক্ষ্যেই অনুষ্ঠানটির পরিকল্পনা।
বার্তাবাজার/এসজে